দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের এ উৎসবের আগেই উত্তাপ বেড়েছে রাজধানীর ইলিশ বাজারে। মাঝারি সাইজের ইলিশ কিনতে গুণতে হচ্ছে আড়াই হাজার টাকা পর্যন্ত। দীর্ঘদিন পর ডিমের দামও বাড়তি। স্থানভেদে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা ডজন। পোল্ট্রির দামও চড়া। বাজার নিয়ে ক্ষুব্ধ ক্রেতারাও। সুষ্ঠু মনিটরিং জোরদারের তাগিদ তাদের কণ্ঠে।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন তথ্য।
বাজারের গ্রাফে লাফিয়ে বাড়তে থাকা মুরগির দামে যেন কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। আমদানি সংকটের অজুহাতে সোনালি মুরগির দাম ৪৪০ টাকা থেকে কমার নাম নেই। ব্রয়লার কিনতেও খরচ হচ্ছে ২১০ টাকা। এর প্রভাব পড়েছে বেচাকেনায়। চড়া দামে ক্রেতাশুন্য মুরগির বাজার। ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।
স্বস্তির খবর দিতে পারছে না ডিমের বাজারও। একেক বাজারে দাম একেক রকম। নতুন বাজারে যেই ডিমের ডজন ১১০ তাই মহাখালীতে বিকোচ্ছে ১২০ টাকায়। এতে বিপাকে সীমিত আয়ের মানুষ।
তবে, কিছুটা স্থিতিশীল মাছ বাজার। বোয়ালের কেজি মিলছে ৫০০ টাকাতেই আর ৬শ টাকা খরচেই কেনা যাচ্ছে টেংরা। তবে, পহেলা বৈশাখে শান্তিতে ইলিশ কেনার ইচ্ছে ফিকে হতে যাচ্ছে অনেকের। মাঝারি সাইজের ইলিশের দাম এখন ২৫০০ টাকা। ছেড়ে কথা বলছে না চিংড়িও।
এদিকে, জ্বালানি তেলের সংকটে সরবরাহ কম, তারওপর শিলা বৃষ্টিতে ফলনে ক্ষতি। এর ফলে সবজির দামে লাগাম টানা যাচ্ছে না।অনেক সবজি কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। সেঞ্চুরির খাতায় নাম লিখিয়েছে বেগুন, পটল, লাউয়ের মতো সবজিও।

Reporter Name 












